বাজেটে ডিজিটাল প্লাটফর্মের ওপর কর আরোপ করার তিন মাসেও এ বিষয়ে অফিসিয়ালি সরকারকে কোনো সাড়া দেয়নি অনলাইন সামাজিক যোগাযোগ প্লাটফর্ম ফেসবুক, সার্চ ইঞ্জিন গুগল এবং ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব।
গত ১ জুলাই পাশ হওয়া ভ্যাট আইনে স্থানীয় প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত বিজ্ঞাপন আয়ের ওপর ভ্যাট দিতে বাংলাদেশে অফিস স্থাপন অথবা প্রতিনিধি নিয়োগ করতে বলে রাজস্বরেবার্ড। একইসঙ্গে বিষয়টি ‘গুরুতর’ বিবেচনায় নিয়ে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাকে (বিটিআরসি) এই তিন প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায়ের বিষয়টি নিশ্চিত করতেও নির্দেশনা দেয়া হয়।
কমিশন প্রথমে বাংলাদেশে অফিস স্থাপনের জন্য গত ফেব্রুয়ারি মাসে তিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাংলাদেশ থেকে যেসব অ্যাড-লিংক অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত বিজ্ঞাপন আয়ের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিতে অনুরোধ করে এবং পেমেন্ট পদ্ধতি সম্পর্কে তথ্য চায়। কিন্তু এদের কেউই এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান মো: জহুরুল হক।
সূত্রমতে, প্রতিবছর বাংলাদেশ থেকে এক হাজার কোটি টাকারও বেশি আয় করে ফেসবুক, ইউটিউব ও গুগল। আয়ের বেশিরভাগ টাকাই ব্যাংকিং চ্যানেলের বাইরে সংগ্রহ করে।
জানাগেছে, এরিকসনের স্থানীয় অফিস থেকে ফেসবুক এবং রিভ সিস্টেম থেকে ক্যাশ সার্ভার সেবা নেয় গুগল। ফলে ফেসবুক ও গুগল সম্পর্কে তথ্য জানতে চেয়ে এই দুই কোম্পানির কাছে চিঠি লেখে বিটিআরসি। তবে এখনো বিটিআরসি’র চিঠির কোনো জবাব দেয়নি রিভ সিস্টেমস। আর এরিকসন বাংলাদেশ জানিয়েছে, তারা ফেসবুকের স্থানীয় প্রতিনিধি বা পরিবেশক নয় এবং স্বচ্ছতার খাতিরে এ বিষয়ে কোনো তথ্য তাদের পক্ষ থেকে দেয়া সম্ভব নয়।
প্রসঙ্গত, ২০১৯-২০২০ অর্থবছরে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে প্রকাশিত বিজ্ঞাপনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফেসবুক, ইউটিউব, গুগলসহ সমজাতীয় প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট নিবন্ধনের নির্দেশ দিয়েছে। গত ২৬ জুন এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে এনবিআর। সার্কুলারে বলা হয়, রাজস্ব সুরক্ষা ও রাজস্ব আদায়ের স্বার্থে অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে প্রদত্ত বেতার, টেলিভিশন ও ইলেক্ট্রনিক সেবা (যেমন−ফেসবুক, গুগল, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মাধ্যম ব্যবহার করে প্রদত্ত মেসেজ, বিজ্ঞাপন ও অনুরূপ যেকোনও সেবা) সরবরাহকারী সব প্রতিষ্ঠানকে মূসক এজেন্ট নিয়োগ, মূসক নিবন্ধন গ্রহণ করতে লিখিতভাবে অনুরোধ করা হলো। ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’-এর ১৯ ধারা অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগলের মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে।